বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, দলের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন। তাদের বলবো— ৫ আগস্টের পর থেকে দেখেছেন আমাদের চেয়ারম্যান কত শক্ত হাতে, যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন এবং দলকে শক্তিশালী করবেন।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও দোয়া করার পর তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দলের দলের নেতাকর্মীদের নিয়ে তিনি দুই নেতার সমাধিতে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী বলেন, আমাদের কর্তব্য হবে দলকে সুশৃঙ্খল এবং সুসমন্নতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যান নির্দেশিত যে সাংগঠনিক কর্মকাণ্ড চলমান আছে, সেই সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুসম্পন্ন করা যায়, সংগঠিত করা যায় এবং সুন্দরভাবে এই প্রক্রিয়া নিষ্পন্ন করা যায়, সেই দিকেই আমি নিয়ে যেতে চেষ্টা করবো।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীরা যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে, তারা তা করতে পারবে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্থানীয় পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন, ইউনিয়ন, উপজেলার বা জেলার নেতারা, তারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন।
রুহুল কবীর রিজভী বলেন, আজ এত অপপ্রচার, চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও জরিপে দেখা গেছে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। প্রায় ৫৪, ৫৫ বা ৫৬ শতাংশ। আর ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা আরও বেশি ৬৫-৬৬ শতাংশ। সুতরাং জনগণের পক্ষে এবং স্বার্থে কাজ করলে সেই দলের সরকার কোনোদিনই ব্যর্থ হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।