বিশ্বজুড়ে আরও মারাত্মক আকার নিতে পারে করোনা পরিস্থিতি। এই আশঙ্কার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়েসাস শুক্রবার বলেন, ‘‘আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে এই মহামারী অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।’’
আগামী জুলাই মাসে জাপানের টোকিয়োতে অলিম্পিক্সের আসর বসার কথা। তার আগে ভারত-সহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত চিন্তায় ফেলেছে হু-কে। এই আবহে প্রতিটি রাষ্ট্রকে সতর্কতা বাড়ানোর দিকে নজর দেওয়ার আবেদন জানানো হয়েছে হু-এর তরফ থেকে। প্রসঙ্গত, জাপানের নাগরিক সমাজের একাংশের তরফে ইতিমধ্যেই করোনা আবহে অলিম্পিকের আয়োজন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।