ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে প্রতিপক্ষের গুলিতে যুবক আহত

ঢাকা: রাজধানীর হাজারীবাগে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে মামুন (৩৬) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে হাজারীবাগ শিকারীটোলা মোড়ের ৬৩/৯ নম্বর বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।আহত মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মামুনের বড় ভাই সুমন মিয়া জানান, তারা হাজারীবাগ ৮৯ নম্বর গজমহলের বাসায় থাকেন। তাদের বাবার নাম মৃত সালেহ আহমেদ। বাসার নিচে একটি মুদি দোকান রয়েছে মামুনের। আর তিনি একটি ওয়াশ ফ্যাক্টরিতে চাকরি করেন।

তিনি আরও জানান, বাসার পাশেই হাজারীবাগ পুরান থানা শিকারীটোলা মোড়ে ৬৩/৯ নম্বরে তাদের আরেকটি বাড়ি আছে। সেই বাসার পাশেই হাশেম মোল্লা নামে এক লোক তার জায়গায় হাঁটার রাস্তা না রেখেই বাউন্ডারি নির্মাণ করছিলেন। এ বাধা দিলে হাশেম মোল্লার ভাড়াটে সন্ত্রাসী রফিক আরো সাত থেকে আটজনকে নিয়ে শিকারীটোলার ওই বাসায় এসে তাদের দুই ভাইকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে তারা তাদের বাসা থেকে টেনে রাস্তায় বের করে আনেন। এ সময় তিন থেকে চারজনের হাতে পিস্তল ছিল। তাদের মধ্যেই একজন মামুনকে গুলি করে। এতে তার ডান হাতে গুলি লাগে। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত মামুনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জামান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।