ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘ফেসবুক ও গণমাধ্যমেই’ সীমাবদ্ধ বিএনপির রাজনীতি: কাদের

বিএনপির রাজনীতি ফেসবুকের স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজপথের রাজনীতিতে বিএনপিকে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি সীমাবদ্ধ থাকছে ফেসবুকের স্ট্যাটাস ও গণমাধ্যমেই।’

শনিবার (৩১ অক্টোবর) নোয়াখালীতে চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনাল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনও বিএনপির বিরুদ্ধে নয়। বিএনপির নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ। ৭৫ এর খুনী ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে, তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক।’

এছাড়া শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়াভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবে বলেও তিনি মন্ত্রব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর সাম্প্রতিক ঘটনা সম্পর্কে বলেন, গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।