ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

আরবি পড়া না পারায় পিটিয়ে ছাত্রের মাথা ফাটালেন শিক্ষক

আরবি পড়া না পাড়ায় সপ্তম শ্রেণি পড়ুয়া সুমন (১৩) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন মতিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এ ঘটনা ঘটে। সুমনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমনের বাবা মো. জাহাঙ্গীর আলম জোমাদ্দার বলেন, ‘সুমন বরগুনা ডিকেপি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তমে পড়ে। করোনার কারণে বিদ্যালয় বন্ধ থাকায় ছেলেকে স্থানীয় মাদ্রাসা শিক্ষক মতির কাছে আরবি পড়তে দিয়েছিলাম। মতিউর একই এলাকার রক্ষাচণ্ডি মাদ্রাসার শিক্ষক। বাড়ির কাছে ওষুধের দোকানে বসে আরবি পড়ান।

‘আজও ওই শিক্ষকের কাছে পড়তে যায় সুমন। পড়া না পারায় শিক্ষক মতি বাঁশের কঞ্চি দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এক পর্যায়ে সুমন পালিয়ে বাড়ি চলে যায়।’

বিষয়টি জানার পর সুমনের বড় ভাই মাইনুদ্দিন সুমনকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করান।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়রাজ হোসেন বলেন, ‘সুমনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে যখম হয়েছে। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। তার চিকিৎসা চলছে।’

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম তারিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’