ক্রিকেট কোচ ও ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাশরাফি লিখেন, যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা তাদের বিদায় গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার আন্ডারে খেলা, আপনার আদেশ, ড্রেসিং রুমে আপনার স্থির থাকা, আপনার লেখা এ সব কিছুই এখন সৃতি হয়ে গেল।
তিনি আরও লিখেন, বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুন আমিন।
উল্লেখ্য, চলতি মাসে ১ তারিখ শ্বাসকষ্টের কারণে প্রথমবার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন জালাল আহমেদ চৌধুরী। পরে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। কিন্তু স্বাস্থ্যের অবনতি ঘটায় ১৫ সেপ্টেম্বর ফের হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হওয়ার পর আর উন্নতি ঘটেনি তার। গত শুক্রবার থেকে রাখা হয় ভেন্টিলেশনে, ছিলেন আইসিইউতে। ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগে শেষ পর্যন্ত চলেই গেলেন সর্বজন শ্রদ্ধেয় এই ক্রীড়াব্যক্তিত্ব।