ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নূর-রাশেদের সমঝোতা, আগের কমিটিই বহাল

কোটা আন্দোলন করে পরিচিতি পাওয়া সংগঠন ছাত্র অধিকার পরিষদের সংগঠকদের মধ্যে বিভক্তির অবসান হয়েছে। কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা প্রত্যাহার করে সমঝোতায় আগের কমিটি বহাল রাখা হয়েছে।সংগঠনের আহ্বায়ক রাশেদ খাঁন ও যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেনের বিরুদ্ধে `সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের’ অভিযোগ এনে শনিবার মধ্যরাতে কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির ঘোষণা দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তবে তার এ ঘোষণাকে অসাংগঠনিক আখ্যায়িত করে তাকে কারণ দর্শাও নোটিস দেওয়ার কথা জানান পরিষদের আহ্বায়ক রাশেদ খাঁন।

রোববার বিকেলে সংগঠনের আহ্বায়ক রাশেদ খাাঁন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের মধ্যে তৈরি হওয়া বিরোধকে ভুল ঝোঝাবুঝি উল্লেখ করে দুজনের সমঝোতার কথা জানায় ছাত্র অধিকার পরিষদ। এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমরা বয়সে তরুণ, যে কারণে মাঝে মাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নূর ও আমার মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। নিজেদের এই ভুল বোঝাবুঝির জন্য দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমরা ভুল বোঝাবুঝির বিষয়টি মীমাংসা করে নিয়েছি। তাই কমিটি বহাল থাকছে। আমি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবেই থাকছি। তবে শিগগিরই আমরা কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছি।

জানতে চাইলে নুরুল হক নূর, আমরা পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে নিজেদের ভুল বোঝাবুঝির মীমাংসা করেছি। কমিটি বিলুপ্তির বিষয়ে যে ঘোষণা ছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।