ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে পাঁচ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার।
সোমবার (২৫ জানুয়ারি) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দুদক সচিব বলেন, রোববার (২৪ জানুয়ারি) পি কে হালদারের দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এরপর রোববার একটি এবং সোমবার আরও চারটিসহ মোট পাঁচটি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৩ জনকে আসামি করা হয়।
তিনি বলেন, এসব মামলায় বলা হয় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানি থেকে এ সব ব্যক্তি মোট ৩৫০ কোটি ৯৯ লাখ টাকা অবৈধভাবে আত্মসাৎ করেছেন।