ঢাকা, সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন প্রজন্মকে জানাতে জেলহত্যার রহস্য উদঘাটন দরকার: কাদের

সত্যের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেলহত্যার রহস্য উদঘাটন করা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জেলহত্যার অনেক রহস্য উন্মোচন এখনও হয়নি। নতুন প্রজন্মকে জানাতে জেলহত্যার রহস্য উদঘাটন করা দরকার।

মঙ্গলবার জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট ও ৩ নভেম্বর একই সূত্রে গাঁথা এবং একই চক্রান্তের ধারাবাহিকতা। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে এই দুটি কলংকিত হত্যাকাণ্ড সংগঠিত করা হয়। অভিভাবক শূন্য করতে বঙ্গবন্ধু হত্যা আর নেতৃত্ব শূন্য করতেই ৭১-এর পরাজিত শক্তি জেলহত্যা সংঘটিত করেছিল।

এরপর বনানীর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় চার নেতার শাহাদাত বার্ষিকীতে এটাই শপথ। আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে তথা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করবো।