ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনির খানের গানে দিলারা জামান ও কায়েস আরজু

দেশের নন্দিত গায়ক মনির খান। বৈচিত্রময় গায়কীর জন্য তিনি পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তুলেছেন তিনি। এখনো গান করে যাচ্ছেন নিরবে নিভৃতে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কণ্ঠ দিয়েছেন নতুন একটি গানে।

গানের শিরোনাম ‘মা জননী’। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর সঙ্গীত করেছেন আলামিন খান।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে। গানটিতে দিলারা জামানের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।

এক মর্মান্তিক গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে মিউজিক ভিডিওটিতে। যা সবার মন ছুঁয়ে যাবে বলে মনে করেন কায়েস আরজু। তিনি বলেন, ‘‘মা জননী’ গানটি আমার কাছে স্পেশাল। প্রথমত এটি বছরের প্রথম কাজ। তার উপর এখানে আমি শ্রদ্ধেয় অভিনেত্রী, গুণিজন দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছি। তার সন্তানের ভূমিকায়। দারুণ এক্সপেরিয়েন্স।

আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম তার সাথে নানা দৃশ্যে শুটিং করতে গিয়ে। তার চোখে মুখে যে মায়া, যে আদর স্নেহ ভালোবাসা, তা যেন অভিনয় করার সুযোগে আরো বেশি পেয়েছি।’

আরজু আরও জানান, শিগগিরই ডিপি মিউজিক স্টেশন নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।