ঢাকা, রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় মাহমুদুল হাসান রোহিত (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শেখ মারজান (১৯) নামে আরেকজন।

শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত মারজান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহত মাহমুদুল হাসান রোহিত (১৮) গুলিস্তানে একটি দোকানের কর্মচারী ছিলেন।

পথচারী মাসুদ রানা জানান, হানিফ ফ্লাইওভারের পোস্তগোলার তিন রাস্তার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলসহ রাস্তায় দু’জনকে পড়ে থাকতে দেখে তারা কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন। আহত শেখ মারজানের (১৯) কাছ থেকে ঠিকানা নিয়ে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা দু’জন বন্ধু ছিলেন।

নিহতের ভাই মাজহারুল হাসান রাজু জানান, তাদের বাসা দক্ষিণ যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে। রোহিত দুপুরের নামাজ শেষে বন্ধু মারজানের মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে তারা দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার ভাইকে মৃত অবস্থায় পান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মৃতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত মারজানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও গুরুতর। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা চলছে।