হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন একটি নৌপথ চালুর ঘোষণা দিতে যাচ্ছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, ওমানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত এই নতুন নৌপথের বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, নতুন করিডরের প্রবেশ ও বের হওয়ার পথ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ওমানের সঙ্গে আলোচনা করেই নৌপথটির অবস্থান নির্ধারণ করা হয়েছে।
রেজাই বলেন, হরমুজ প্রণালির মধ্য দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নতুন পথ নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। এর মাধ্যমে প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি বিকল্প ও নির্ধারিত পথ তৈরি হবে।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন নৌপথের ঘোষণা আসছে। সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনী ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর পর প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলবাজারেও।
ইরানের দাবি, হরমুজ প্রণালি বর্তমানে তাদের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও সামরিক চাপের পরিস্থিতিতে স্বাভাবিক জাহাজ চলাচলের জন্য নতুন ব্যবস্থার প্রয়োজন হয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে নতুন নৌপথ চালুর উদ্যোগটি আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহের ওপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স