ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

ইউক্রেন ইস্যুতে শিগগিরই ত্রিপক্ষীয় বৈঠক: উইটকফ

ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে নতুন করে ত্রিপক্ষীয় বৈঠক শিগগিরই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উইটকফ বলেন, নতুন ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে তারা আশাবাদী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এর আগে এ ধরনের বৈঠক পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন।

মার্কিন এই দূত বলেন, যুদ্ধের সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। সমাধানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সব উপাদানই এখন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক করেন। এরপর রোববার তারা কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

মস্কোর বৈঠককে গঠনমূলক বলা হলেও সেখানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো বড় অগ্রগতি ঘোষণা করা হয়নি। কিয়েভের বৈঠকেও তাৎক্ষণিক কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। তবে নতুন করে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধিরা।

ইউক্রেনের ভূখণ্ড ও নিরাপত্তার নিশ্চয়তাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানে এখনও বড় পার্থক্য রয়েছে। ফলে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক ঘোষণা হলেও যুদ্ধ বন্ধের চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন হবে। তথ্যসূত্র: তাস, রয়টার্স