ঢাকা, [bangla_day], [english_date], [bangla_date]

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেবেন বিজয়ীরা

বিজয়ীদের তালিকা প্রকাশ হয়েছিল আগেই। আজ ২৩ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে এবারও অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠানে হাজির হবেন বিজয়ী ও অতিথিরা।

সকাল সাড়ে ১০টায় অতিথিদের আসন গ্রহণ হবে। প্রধানমন্ত্রী আসন গ্রহণ করবেন ১১টায়। নায়ক ফেরদৌস ও নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠান চলবে ১২টা পর্যন্ত।

চলচ্চিত্রের নানা শাখায় অবদানের জন্য ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন। অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদকে এ বছর দেওয়া হবে আজীবন সম্মাননা পুরস্কার।