ইউরোপের দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নাম প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জেলে থাকা বাংলাদেশিদের নাম প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায় এ নিয়ে দেশটির বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় আলোচনা অব্যাহত রেখেছে আয়েবা। এর আগেও একই নিয়মে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, আইনের যেকোনো মাধ্যমে অসহায় বাংলাদেশিদের রাখার জন্য আইনজীবীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আয়েবা বরাবর অসহায় বাংলাদেশিদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অসহায় অবৈধ বাংলাদেশিদের জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাল্টার জেলে থাকা ১৫৬ বাংলাদেশিদের জন্য যতটুকু সহযোগিতা করার আয়েবা তাই করবে।
এদিকে আটক বাংলাদেশিরা সেখানে থাকার জন্য মাল্টা সরকারের কাছে রাজনৈতিকসহ ভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টায় আসেন। কিন্তু অবৈধভাবে দেশটিতে প্রবেশ করা অভিবাসীদের যেকোনো সময় দেশে পাঠাতে পারে মাল্টা সরকার।