ঢাকা, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধিনিষেধ না মানায় লালবাগ, রমনায় আটক ১৪৭

বিধিনিষেধ না মানায় রাজধানীর লালবাগ ও রমনা এলাকায় অকারণে বাইরে বের হওয়ায় ১৪৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা ও রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তারা বলেন, সরকারি বিধিনিষেধ পরিপালনে লালবাগ ও রমনা বিভাগের বিভিন্ন পয়েন্ট এলাকায় সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। এসব এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের। কঠোর লকডাউনের মধ্যেও যথাযথ কারণ ছাড়া ঘর থেকে বের হওয়ায় লালবাগ বিভাগ থেকে ১০৫ জনকে এবং রমনা বিভাগ থেকে ৪২ জনকে আটক করা হয়েছে।