মুক্তিযুদ্ধে যোদ্ধাদের বীরত্ব, অবদান, আত্মত্যাগ ও এসময়ের নতুন জৈব যুদ্ধ (করোনাভাইরাস) মোকাবেলায় সম্মুখসারীর যোদ্ধাদের আত্মত্যাগ ও বীরত্বের গল্পে নির্মিত হচ্ছে বিশেষ নাটক ‘যোদ্ধা’। শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন শিহাব শাহীন।
গত তিন দিন ধরে রাজধানীর উত্তরা ও তিনশো ফিটে হচ্ছে নাটকটির শুটিং। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এ নাটকের মধ্য দিয়ে অপূর্বর সঙ্গে প্রথমবারের মত জুটি বেঁধেছেন নাজিবা বাশার।
নির্মাতা শিহাব শাহীন বাংলাদেশ জার্নালকে বলেন, মুক্তিযুদ্ধের গল্পে এ নাটকটি বিশেষ দিবসের জন্য নির্মিত হচ্ছে। মুক্তিযুদ্ধ অবশ্যই আমাদের জন্য গৌরবময়, সেইসাথে এই সময়ে নতুন যে যুদ্ধটা করতে হচ্ছে ফ্রন্টলাইনে থেকে সেসব আত্মত্যাগের গল্প নিয়েই নাটকটি। এখানে অপূর্বকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। সঙ্গে আছে নাজিবা বাশার। আপাতত এটুকুই বলা যাবে।
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, মুক্তিযুদ্ধের সময়ে যোদ্ধা, সর্বসাধারণের আত্নত্যাগের গল্প এবং এসময়ে নতুন যে জৈব যুদ্ধ (করোনাভাইরাস) এ দুইটা গল্পকে একসাথে খুবই চমৎকারভাবে ব্লেন্ড করে দেখানো হবে এ নাটকে। শিহাব ভাইয়া সেটা অসাধারণভাবে ফুটিয়ে তুলছেন।
তিনি আরও বলেন, আমি এর আগেও দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। এমনকি ট্রিপল চরিত্রও করেছি। তবে এখানের চরিত্রটা একটু অন্যরকম। দর্শকরা পছন্দ করবে আমার বিশ্বাস।
নাজিবা বাশার বলেন, মুক্তিযুদ্ধের সময় যোদ্ধাদের অবদান এবং এর পরবর্তীতে এখন আমরা যে একটা জৈব যুদ্ধ করছি অর্থাৎ করোনাভাইরাস মোকাবেলা, দুইটা সময়কে ধরে বিভিন্ন ঘটনা এখানে দেখানো হবে।
তিনি আরও বলেন, অপূর্বর সঙ্গে এটাই আমার প্রথম জুটি হয়ে কাজ। শুধু আমার সঙ্গেই নয়, আমার পরিবারের সঙ্গেও অপূর্বর বেশ ভালো সম্পর্ক। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি কিন্তু ওর সঙ্গে জুটি এবারই প্রথম। অপূর্বর সঙ্গে কাজ করতে আমি সবসময়ই খুব কমফোর্ট অনুভব করি, এক কথায় কাজ করে অনেক আরাম পাই। সহশিল্পী হিসেবে অপূর্ব যেমন অসাধারণ, মানুষ হিসেবেও দুর্দান্ত।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নাটকটি বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।