দেশে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার দিন দিন ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে। মোবাইল আসক্তির কারণে নতুন প্রজন্ম মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও সুশীল সমাজের প্রতিনিধি আমিনুল ইসলাম বুলু।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সবুজ বাংলা আবাসিক এলাকার ঢাকা অফিসে তিনি বলেন, “মোবাইল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু অতিরিক্ত নির্ভরতা জাতিকে অসুস্থ করে তুলছে। শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ সমাজ মোবাইলের পর্দায় বন্দী হয়ে পড়ছে।”
আমিনুল ইসলাম বুলু আরও বলেন, মোবাইল আসক্তির ফলে পরিবারে যোগাযোগ কমে যাচ্ছে, সামাজিক সম্পর্কের অবনতি হচ্ছে এবং মানুষ বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমে যাওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।
তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ সময় মোবাইল ব্যবহারে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত, মাথাব্যথা ও মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। এতে করে জাতিগতভাবে একটি অসুস্থ সমাজ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আমিনুল ইসলাম বুলু সরকার, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। শিশুদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করাই এখন সময়ের দাবি।