নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রথম উইকেটে মিজানুর রহমান মিজানের আছে ৩৪১ রানের রেকর্ড জুটি। ভাববেন না বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সেটাই বুঝি সর্বোচ্চ। নাহ, সেটা দ্বিতীয় সর্বাধিক।
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ ৩৫০ রানের রেকর্ডটি রনি তালুকদার আর আব্দুল মজিদের।
আজ মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে সেই দুই রেকর্ড ভাঙ্গার সুবর্ণ সুযোগ ছিল মিজানুর রহমান মিজানের; কিন্তু বিসিবি উত্তরাঞ্চলের নাইম ইসলামের বলে লেগবিফোর উইকেটের ফাঁদে জড়িয়ে পড়ায় প্রথম উইকেটে সবচেয়ে বড় জুটিটি গড়া হলো না মিজানের।
তবে তার আর মোহাম্মদ মিঠুনের তোলা ৩২৭ রানের পার্টনারশিপটি এখন প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে তৃতীয় সর্বাধিক।
সেই রেকর্ড জুটি গড়ে ওয়াল্টন সেন্ট্রাল জোনকে রীতিমত চালকের আসনে বসিয়ে দিয়েছেন মিজান আর মিঠুন। দিন শেষে ২১১ রানের বড়সড় লিড শুভাগত হোম বাহিনীর।
মিজান ২৪৩ বলে ২১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১৬২ রানে আউট হওয়ার পর তার সঙ্গী মিঠুন ২৫৭ বলে ফিরে যান ১৭৬ রানে। তার ব্যাট থেকে আসে ২১ বাউন্ডারি ও ২ ছক্কা।
দুই ওপেনার আউট হবার পর সৌম্য সরকার (৬৫ বলে ৩৯) আর সালমান হোসেন ইমন (৫৪ বলে ৪০) ব্যাট করছেন।
বিসিবি উত্তরাঞ্চল, প্রথম ইনিংস: ২১৯/১০, ৬৫.১ ওভার (তানজিদ তামিম ৩২, পারভেজ ইমন ৪৬, মাহিদুল ইসলাম অংকন ০, নাইম ইসলাম ১৩, মার্শাল আইয়ুব ৩৫, তানবির হায়দার ২৫, আরিফুল হক ২৫, আমিনুল বিপ্লব ২১, শফিকুল ০, নোমান চৌধুরী ০, রবিউল ৩/৩৭, শুভাগত হোম ২/২১, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী আর হাসান মুরাদ প্রত্যেকে একটি উইকেট)।
ওয়াল্টন মধ্যাঞ্চল, ১ম ইনিংস: ৪৩০/২, ১০৩ ওভার (মিজানুর ১৬২, মোহাম্মদ মিঠুন ১৭৬, সৌম্য ব্যাটিং ৩৯, সালমান ব্যাটিং ৪০, নোমান চৌধুরী ১/৭৯, নাইম ইসলাম ১/৩৩)।