কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগ নেতা মোনাফ সিকদারকে গুলি করার ঘটনায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে।
রোববার বেলা ১২টায় কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করেছেন মোনাফের ভাই মো. শাহজাহান। ওই মামলায় আরও ৮ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
এদিকে সন্ধ্যার দিকে মামলার খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার শহরের সকল দোকান-পাট বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছে মেয়র মুজিবুরের অনুসারিরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে শহরবাসী ও পর্যটকদের মাঝে।
বুধবার (২৭ অক্টোবর) রাতে শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে মোনাফ সিকদারকে (৩২) গুলি করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠানো হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকৎসাধীন রয়েছে।
ইতিপূর্বেই আহত মুনাফ সিকদার এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাকে মুজিবুর রহমান মেয়রের নির্দেশে গুলি করা হয়েছে। ওরা গুলি করার সময় বলছিল, তুই মুজিব চেয়ারম্যানের সাথে লাগছিস? মুজিব চেয়ারম্যানের সাথে আর লাগবি? এসব বলে পেছন থেকে গুলি করে পালিয়ে যায়।’
তার বক্তব্যের ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তবে এ বিষয়ে জানার জন্য মেয়র মুজিবুর রহমানকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেনি।
কক্সবাজারের পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, হত্যাচেষ্টা ধারায় মেয়র মুজিবকে প্রধান আসামি করে একটি মামলা হয়েছে। বিষয়িটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।