ঢাকা, সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে হামলার কারণ জানালেন তথ্যমন্ত্রী

সরকারকে বেকায়দায় ফেলতে সাম্প্রদায়িক হামলার জন্য পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবসে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশে দেশকে অস্থিতিশীল করা ও সরকারকে বেকায়দায় ফেলতে হামলার জন্য পীরগঞ্জকে বেছে নেয়। দেশে এই ধরনের বিশৃঙ্খলা ঘটায় বিএনপি-জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী। তারা বিভিন্ন সময়ে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় বিশৃঙ্খলা তৈরি করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এবং সবশেষ দূর্গাপূজাকে উপলক্ষ করে বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ও করেছে। যারা এটি করেছে তাদের সারাদেশে এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল। সরকারের কঠোর পদক্ষেপের কারণে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমাদের দলের নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আরো বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটানোর জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু দলের নেতাকর্মীরা পাশে থাকায় সেটা সম্ভব হয়নি।