কুষ্টিয়া মিরপুর থানায় দায়ের করা মাদক মামলায় সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আসাদুজ্জামান ওরফে ফিরোজের (৪১) ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান ওরফে ফিরোজ ভেড়ামারা উপজেলার গোলাপনগর বাহাদুরপুর কারিকরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি টিবি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তবে এ মামলার এজাহারনামীয় অপর দুই আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই আসামীদ্বয়কে বেকসুর খালাশ দিয়েছেন আদালত।
আদালতের মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলা জিয়া সড়কে মাদক উদ্ধার অভিযান চলাকালে সড়কস্থ নাহারুল মালিথার মালিকানাধীন স-মিলেন মোটরঘরে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ডা. মো. আসাদুজ্জামান ওরফে ফিরোজ, জয়নাল আবেদিন ও নাহারুল ইসলাম গংদের দখল থেকে প্রতি পলিপ্যাক থেকে ২শ’টি করে মোট ১০টি প্যাকেটভর্তি ২ হাজার ইয়াবা ট্যাবলেন উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বাবু বাদী হয়ে মামলা দায়েরপূর্বক জব্দকৃত ইয়াবাসহ আসামিদের আদালতে সৌপর্দ করেন।
মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন বাবু তিন আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন আদালতে।