ঢাকা, বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তের বছরেও বিএনপির মরা গাঙে জোয়ার আসেনি

তের বছরেও বিএনপির মরা গাঙে জোয়ার আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এখনও দু-বছরের বেশি সময় বাকি, আজকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনাদের আন্দোলনে এদেশের মানুষ সাড়া দেবে কি? মানুষ আপনাদের সাথে আছে? তের বছর তো আন্দোলন ডাক দিলেন, দেখতে দেখতে তের বছরে মরা গাঙে জোয়ার আসেনি। আপনাদের আন্দোলনের মরা গাঙে এ পর্যন্ত জোয়ার আসেনি, ভবিষ্যতে আসবে কি না আমরা জানি না। এদেশের মানুষ জানে না। কারণ মানুষ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি প্রশ্ন তোলে বলেন, নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধামকি দিচ্ছেন প্রয়োজনে নির্বাচন করবেন না, নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে আগেই কি হেরে যাচ্ছেন?

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে বিএনপির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতিকে মানবেন না, সার্চ কমিটি মানবেন না। গতবার সার্চ কমিটি করেছে রাষ্ট্রপতি। সংবিধানে আছে আলাপ আলোচনা করে রাষ্ট্রপতি, সে অধিকার আছে, সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের।

তিনি আরও বলেন, যারা অসংবিধানিক বলছেন, তারা সত্যের বিকৃতি করছেন, সংবিধানবিরোধী কথা বলছেন। আপনাদের দাবি থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা নিরপেক্ষ সরকার আপনারা চান। সে নিরপেক্ষ সরকারের প্রস্তাবটা পাঠান পাগল আর শিশু দিয়ে রাষ্ট্রপতি সেটা করবেন কিনা সেটা উনার বিষয়। এটা তো আপনাদের নেত্রীরই কথা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনে আসুন, আপনাদের স্বাগতম। কিন্তু নির্বাচন করতে দেবেন না এই দম্ভোক্তির জবাব বাংলার জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেব। নির্বাচন না করলে আপনাদের ব্যাপার। কিন্তু নির্বাচন ঠেকাতে যাবেন, সেটা কিন্তু বাংলার জনগণ সহ্য করবে না।

তিনি আরও বলেন, বিএনপি আসবে না, তাই নদীর স্রোত বন্ধ থাকবে না। সময়ের গতিও বন্ধ থাকবে না। সময় আর স্রোত যেমন বন্ধ থাকে না, তেমনি নির্বাচনও বন্ধ থাকবে না। বিএনপি আসুক আর না আসুক তার উপর নির্বাচন বন্ধ থাকবে না।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মলরঞ্জন গুহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারেক সাঈদ প্রমুখ।