দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে নিরাপত্তা ইস্যুতে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় কিউইরা।
এই ঘটনার পর পাকিস্তানের মাটিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ফলে আরও একবার পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে সংকট। তবে এই ঘটনার জন্য ভারতকে দায়ী করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। খবর জি নিউজের।
বুধবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে সাথে নিয়ে করা এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ভারতের দিকে অভিযোগ এনে বলেন, ইমেইলটি একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে পাঠানো হয়েছিল এবং সে কারণেই তার লোকেশন সিঙ্গাপুর দেখানো হয়েছে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হুমকি পাঠানোর জন্য যে ডিভাইসটি ব্যবহৃত হয়েছে, তা আদতে ভারতের। একটি ভুয়া আইডি ব্যবহার করা হয়েছিল এবং ইমেইলটি মহারাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল।
এমনকি তিনি ইন্টারপোল ও আইসিসিকেও পুরো ঘটনা তদন্ত করার দাবি জানান। ফাওয়াদ চৌধুরী শেষে যোগ করেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের দেশে যাতে আন্তর্জাতিক ক্রিকেট না হয়, তার পরিকল্পনা করা হচ্ছে। আইসিসি এবং বাকি সংস্থাদের এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।