ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটের সঙ্গে খেলেছে টিম-বাংলাদেশ। টাইগার বোলাদের সামনে কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি অজিরা। যার ফলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। এবার বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে এই সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
দায়িত্ব নিয়ে সবাই নিজের সেরাটা দিলে এই সিরিজেও জয় পাবে বাংলাদেশ বলে মনে করে সোহান।
শুক্রবার প্রথম দিনের অনুশীলন শেষে সোহান বলেন, নিউজিল্যান্ড অবশ্যই ভালো দল। আমার কাছে মনে হয় খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। দলগতভাবে খেললে আমাদের ভালো করার সম্ভাবনাই বেশি থাকবে। গত দুইটা সিরিজ আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে। আমরা দল হিসেবে খেলতে পেরেছি। ভালো করতে হলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিরিজেও এভাবে খেলতে পারলে ভালো করব।
এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান আরো বলেন, বোলিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করেছি। মুস্তাফিজ তো অসাধারণ ছিল। সাকিব ভাই, শরিফুল, মেহেদী- সবাই খুব ভালো সাপোর্ট দিয়েছে, ভালো বোলিং করেছে। টিম হিসেবে খেলতে পেরেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিস ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ্ আরও ভালো কিছু হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমে এখন খুব ভালো একটা পরিবেশ আছে। আমরা ১৫-২০ জন বা যে কয়জনই থাকি, তারা সবাই চায় মাঠে যে ১১ জন খেলছে সবাই যেন ভালো করে। সবাই সবাইকে খুব সহায়তা করে, সাপোর্ট করে। দল হিসেবে ভালো করার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।