চলমান মৌসুমে দল গড়াই দুষ্কর হয়ে পড়েছিল মুক্তিযোদ্ধা সংসদের। দলবদলের দু’দিন আগেও আর্থিক সংকটে পড়ে দল গড়তেই চাইছিল না তারা। তারপরও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দলবদলে অংশ নেয়। কিন্তু মৌসুম শুরু হতেই ফের অর্থ সংকটে পড়ে তারা।
ঠিক ওই সময়ে ক্লাবের অর্থ সংকট কাটাতে এগিয়ে আসেন দলের অধিনায়ক ইউসেকো কাতো। জাপানি এই ফরোয়ার্ড নিজ দেশের মানুষের কাছে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট দলটিকে টিকিয়ে রাখতে আবেদন জানান। তার একটি ভিডিও বার্তায় অনেকেই এগিয়ে আসেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্লাবের জার্সি বিক্রি করেন নিজ দেশে। সেই অর্থ এনে দলকে বাঁচিয়েছেন।
মুক্তিযোদ্ধাকে কেবল বাঁচাননি কাতো, চলমান মৌসুমে অবনমনের হাত থেকে উতরে দিয়েছেন। তাই মুক্তিযোদ্ধাকে বাঁচানোর সেই গল্প নিয়েই বুধবার এক সংবাদ সম্মেলনে হাজির হন কাতো। তিনি বলেন, ভিডিও বার্তায় আমার আকুতি শুনে অনেক জাপানিই অর্থ সহায়তা করেছেন আমাদের মুক্তিযোদ্ধা সংসদকে। তাদেরকে ধন্যবাদ।
তিনি আরও বলেন, আমি চাইছিলাম দেনা শোধ করতে। তাইতো আমি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের জার্সি নিজ দেশে নিয়ে গিয়ে বিক্রি করেছি। অনেকে জার্সি কিনে দ্বিগুন অর্থ দিয়েছেন। অনেকে আবার এমনিতেই সহায়তা করেছেন। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকা আমি ক্লাবে এনে দিয়েছি। আগামীতেও আমি এভাবে সহায়তা করতে চাই।
এ নিয়ে ক্লাবের ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, চলমান মৌসুমে দল গড়া থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সহযোগিতা করছে কাতো। আমাদের কাছ থেকে জার্সি চেয়ে নিয়ে নিজ দেশে বিক্রি করে ক্লাবের জন্য প্রায় ৩০ লাখ টাকা নিয়ে এসেছে। এ জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। এছাড়া হিসাব ও বসুন্ধরা কিংসের কাছেও আমরা কৃতজ্ঞ।