ঢাকা, বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলার অসহায়দের পাশে দাঁড়াতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের আহ্বান

চাঁদপুরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রিপোর্ট অনুযায়ী শনাক্তের হার ৪৯ শতাংশের বেশি। যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। চাঁদপুরের মানুষদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার ফোরামের সাধারণ সম্পাদক একে এম রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফোরামের পক্ষে এ আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, যেসব রোগী রেফার হয়ে ঢাকায় আসছে তাদের ভর্তি বা আইসিইউ পেতে সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে ফোরাম। এছাড়া চাঁদপুরের মানুষের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হবে।

ঢাকায় কর্মরত চাঁদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের এই উদ্যোগে সকল বিত্তবান বিশেষ করে ঢাকায় অবস্থান করা চাঁদপুরের মানুষকে পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।

চাঁদপুর প্রেস ক্লাবের সাথে সমন্বয় করে এসব কাজ বাস্তবায়ন করা হবে জানানো হয়।

একটি সিলিন্ডারের দাম (অক্সিজেন ফ্লো মিটারসহ) ১৫০০০/- টাকা অথবা সামর্থ্য অনুযায়ী টাকা বিকাশ অথবা নগদ একাউন্টে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিকাশ/নগদ হিসাব নং- ০১৮১৮৭৩৯৩৯৩

সভায় উপস্থিত বক্তারা বলেন, আমাদের এই উদ্যোগে যদি একটি জীবনও বেঁচে যায়, সেটাই হবে আমাদের পরম পাওয়া।

ফোরামের নির্বাহী কমিটির ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মিজান মালিক। দুই পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম অংশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন সরকার। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার পলাশ।