ঢাকা, মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবীতে সিক্স মার্ডার: উচ্চ আদালতে আসামি আজিমের জামিন

২০০৬ সালে রাজধানীর পল্লবী আবাসিক এলাকার এক বাড়িতে ছয় জনকে খুনের  মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত আসামি আজিমকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এসএম মাসুদ হোসেন দোলন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৬ সালের ১৩ অক্টোবর পল্লবী আবাসিক এলাকার এক বাড়িতে রিজিয়া বেগম, খাদিজা, আন্না, তোফেল, মনির ও মিলন বকশী নামে ছয় জন কাজের লোককে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক পল্লবী থানায় একটি মামলা করেন।

মামলার এক বছর পর বাড়ির মালিকের সাবেক গাড়িচালক মাসুম মাতব্বরকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

বিচার শেষে ২০০৮ সালের ২৬ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ চার আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তারা হলেন— মাসুম মাতব্বর, জাকির হোসেন বাহার, মো. কামরুজ্জামান ওরফে কামরুল এবং এমএ আজিম ওরফে মাসুদ।

পরে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি নিয়ে ২০১৪ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট তিন জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজিমকে খালাস দেন। তবে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এরই মধ্যে ২০১৬ সালের ২৮ মার্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়।