সৌদি আরবের বাদশাহ সালমানের উপহার পেয়েছে চট্টগ্রামের হতদরিদ্র ৫৫০টি পরিবার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হতদরিদ্র পরিবার ও ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে সৌদি বাদশাহর উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও লবণসহ সর্বমোট ২৪ কেজি খাদ্যসামগ্রী। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশে সৌদিআরব দূতাবাসের ফাইনান্স, কালচার এন্ড রিলিজিয়ন বিষয়ক প্রধান আহাম্মদ হাসান হামদী, কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তুর্কী সায়িদ আল গামেদী, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাসির উদ্দীন, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির উদ্দীন;
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের মহাসচিব অহিদ সিরাজ স্বপন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন মোহাম্মদ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন, এরফান আলী ভূঁইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দীন দুলু ও ব্যবসায়ী মেসবাহ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব আ. জ. ম. নাসির উদ্দীন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের এই মানবিক উপহার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বাদশাহসহ আগত মেহমানবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উপহার সামগ্রী বিতরণের সমস্ত কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা করে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।