নৌকার বিরুদ্ধে কোনও বিদ্রোহী প্রার্থীকে প্রশ্রয় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, নৌকার বিদ্রোহীদের কঠোরভাবে প্রতিহত করা হবে। পৌরসভা নির্বাচনে যুবলীগের নেতা-কর্মীদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।
সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর কড়াইলের এরশাদ স্কুল মাঠে যুবলীগের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণকালে তিনি এসব কথা বলেন।
শেখ পরশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, একটি মর্যাদাশীল জাতি হিসেবে বাংলার নিপীড়িত-নির্যাতিত মানুষ যেন মাথা উচু করে দাঁড়াতে পারে। বঙ্গবন্ধু গরীব-দুঃখী মানুষকে বুকে জড়িয়ে নিয়েছেন, তাদের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি কখনও অন্যায়ের কাছে আপোষ করেন নাই, মাথানত করেন নাই।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু দেশপ্রেমের, অপরিসীম সাহসের, আদর্শিক চরিত্রের। এই শিক্ষাকে বুকে ধারণ করে আমাদের যুবলীগ সর্বদা গরীব-দুঃখী অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। করোনা মহামারিতে বিনা পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দেয়া, করোনায় আক্রান্ত হয়ে মৃত লাশের দাফন করা, কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পৌছে দেয়া, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ নানা ধরণের জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে যুবলীগ। করোনা মহামারিতে আমরা প্রায় ৪৩ লক্ষ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। যুবলীগের এই সাফল্যের অনুপ্রেরণার নাম জননেত্রী শেখ হাসিনা।
এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত এই কড়াইল বস্তিবাসী বিএনপি-জামাতের নির্যাতনের শিকার হয়েছে। তারা বস্তিবাসীকে জিম্মি করে মাদকের আস্তানা গড়ে তুলেছিল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যান্ত প্রিয় এই বস্তিবাসীর ওপর যদি কোনও আঘাত আসে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, এই বস্তিতে মাদক-সন্ত্রাস থাকবে না। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দেয়া হবে। আর যেন কোনও মায়ের সন্তান মাদক নেশায় ধ্বংস হয়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে যুবলীগের নেতা-কর্মীদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, রফিকুল আলম সৈকত জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, ডা. হেলাল উদ্দিন, মো. সাইফুর রহমান সোহাগ, জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, অ্যাড. মো. শামীম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শামীম খান, ঢাকা মহানগর যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ।