বাংলাদেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। ১০০ নম্বরের ভিত্তিতে এমসিকিউ পরীক্ষা হবে। প্রশ্নপত্রে কোন বিষয়ে কত নম্বর থাকবে, তা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন এবং আইসিটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্ট এবং আইসিটি বিষয়ে প্রশ্ন থাকবে। মানবিক বিভাগের ছাত্রছাত্রীদের বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে।
বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং জীববিজ্ঞান, গণিত ও আইসিটি মিলে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যেকোনো দুটি বিষয়ে উত্তর দিতে হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
বাণিজ্য বিভাগের জন্য অ্যাকাউন্টিংয়ে ২৫ নম্বর, বিজনেস অর্গানাইজেশন ও ম্যানেজমেন্টে ২৫, আইসিটিতে ২৫, বাংলায় ১৩ এবং ইংরেজি বিষয়ে ১২ নম্বরের প্রশ্ন থাকবে।