ঢাকা, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজমিন খান লামী (২৯) ও তার আত্মীয় আমির হোসেন রিয়াজ (১৮)। দুজনেই দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন। আমির হোসেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাবার নাম আক্তার হোসেন। আজমিন খান চাকরির পাশাপাশি পাঠাওয়ের চালক ছিলেন। তার বাবার নাম মিজানুর রহমান।

আমিরের ভাই অভি জানান, শুক্রবার সকালে তিনশ ফিট সড়কে গিয়েছিলেন দুজন। তিনশ ফিট এলাকায় সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।