ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কোভিডে ট্রাম্পের মৃত্যু কামনাকারী পোস্ট মুছে ফেলা হবে: ফেসবুক, টুইটার ও টিকটক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ সংক্রান্ত পোস্টে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে ফেসবুক, টুইটার ও টিকটক তাদের ব্যবহারকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে: প্রেসিডেন্টের মৃত্যু কামনাকারী কোনো পোস্টের অনুমোদন তারা দেবে না।

এই তিন জায়ান্ট টেক কোম্পানি নিশ্চিত করেছে, কেউ এ ধরনের পোস্ট প্রকাশ করলে নিজ নিজ প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালা লঙ্ঘণের দায়ে তা মুছে ফেলা হবে।

বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকলেও এ ব্যাপারে এক কাতারে দাঁড়াল কোম্পানি তিনটি। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের মৃত্যু কামনা করে কোনো পোস্টের পাশাপাশি কেউ যদি মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলোতে এ সংক্রান্ত মন্তব্য কিংবা এমন পোস্টে তাকে ট্যাগ করেন, তাহলে সেগুলো সরিয়ে ফেলা হবে।

অন্যদিকে, টুইটবার্তায় টুইটার জানিয়েছে, প্রেসিডেন্টসহ যেকারও জন্য ‘মৃত্যু, গুরুতর শারীরিক ক্ষতি কিংবা অসুখের কামনা কিংবা আশা প্রকাশ’কে এই প্ল্যাটফর্মে জায়গা দেওয়া হবে না। এমন কোনো পোস্ট করলে অ্যাকাউন্ট বাতিল করে দেওয়ারও হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি।এদিকে, টিকটকের এক মুখপাত্র জানান, ট্রাম্পের মৃত্যু কামনা করে কোনো ভিডিও পোস্ট করা হলে সেটিকে এই ভিডিও অ্যাপের কমিউনিটি গাইডলাইনের পরিপন্থী হিসেবে গণ্য করা হবে। সে ধরনের পোস্ট সরিয়ে ফেলা হবে বলেও জানানো হয়।

অনলাইন কনটেন্ট মডারেশন নিয়ে গবেষণাকারী এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের অধ্যাপক সারা রবার্ট বলেন, অবমাননাকর পোস্টের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের আইনের কাছে সোপর্দ করা উচিত। তবে যারা গণ-আলোচনার অংশ নন, সেইসব ক্ষেত্রে এমন ধরনের কঠোরতা একটু শিথিল করা যেতে পারে।

এদিকে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্পের শরীরে রেমডেসিভির থেরাপির প্রয়োগ শুরু করা হয়েছে।এর আগে, শনিবার টুইটারে ১৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘দারুণ সাপোর্ট দেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমি ওয়াল্টার রিড হাসপাতালে ভর্তি হচ্ছি। আশা করছি, সবকিছু ঠিক হয়ে যাবে।’