ঢাকা, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষতিকর কনটেন্ট সরাতে বৈশ্বিক জোটের প্রস্তাব টিকটকের

ক্ষতিকর বিষয়বস্তু শনাক্ত ও তা অপসারণের জন্য সামাজিক মিডিয়া সংস্থাগুলোর একটি বৈশ্বিক জোটের প্রস্তাব দিয়েছে টিকটক। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিকটক ইতিমধ্যে নয়টি সামাজিক যোগাযোগের কোম্পানির কাছে কনটেন্ট সম্পাদনার বিষয়ে সমঝোতা স্মারক করার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছে।

বর্তমানে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন প্রতিষ্ঠান টিকটক ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে রয়েছে।

গতকাল মঙ্গলবার টিকটকের পক্ষ থেকে বলা হয়, নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলোকে ভুল তথ্য থেকে শুরু করে তথ্য গোপনীয়তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। এই প্রেক্ষাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃথক কনটেন্ট পর্যালোচনার বিষয়টি যৌথ পদ্ধতিতে করা গেলে তা আরও কার্যকরভাবে সামনে এগিয়ে নেওয়া যেতে পারে।