ঢাকা, বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত নামের বাইরে কাউকে মনোনয়ন ফরম দেবে না আ’লীগ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃণমূল থেকে প্রস্তাবিত নামের বাইরে কারও কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করবে না আওয়ামী লীগ।

প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্য ইউনিয়ন, উপজেলা ও জেলার ৬ নেতা কর্তৃক সুপারিশ করা কেবলমাত্র তিনজন প্রার্থী দলের মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এটা নতুন কিছু নয়। দলের গঠনতন্ত্রে যে বিধান রয়েছে, আমরা সে অনুযায়ী মনোনয়ন ফরম বিক্রি করব।

যদিও এতদিন আওয়ামী লীগের ফরম বিতরণে এই নিয়ম কড়াকড়িভাবে মানা হয়নি। গত বুধবার থেকে দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে তিনটি জেলা পরিষদ, ৯টি উপজেলা পরিষদ ও ৬১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। সেখানে এই নিয়ম পালন করছে দলটি।

দলীয় সূত্র জানায়, সংসদীয় আসন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নানা নির্বাচনে আওয়ামী লীগের বিপুলসংখ্যক মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম কেনেন। এতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে হিমশিম খান কেন্দ্রীয় নীতিনির্ধারকরা। ফলে দলীয় মনোনয়ন ফরম বিতরণে কিছুটা কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা।

এদিকে আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৩) ধারায় বলা হয়েছে- ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দেবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন বোর্ডের দেয়া সুনির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায় থেকে সমন্বিতভাবে মনোনয়ন প্রার্থীদের কমপক্ষে তিনজনের একটি প্রার্থী প্যানেল মনোনয়ন বোর্ডে পাঠাবে। এই প্রার্থী প্যানেল প্রস্তুতে ইউনিয়ন আওয়ামী লীগ প্রাথমিক দায়িত্ব পালন করবে। মনোনয়ন বোর্ডের নির্ধারিত একটি প্রার্থী প্যানেল জমা দেয়ার তারিখ ও সময় বিবেচনায় রেখে ইউনিয়ন আওয়ামী লীগ সুনির্দিষ্ট আবেদনপত্রে মনোনয়ন প্রার্থীদের আবেদন জমা দিতে বিজ্ঞপ্তি দেবে। ইউনিয়ন আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য কার্যনির্বাহী সংসদ ও সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা করবে।

সভায় আলাপ-আলোচনার মাধ্যমে একটি প্যানেল সুপারিশের জন্য তৈরি করবে। এই প্যানেলটি জেলা ও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (মোট ছয়জনের) যুক্ত স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি, জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ মনোনয়ন বোর্ডে নির্ধারিত সময় ও তারিখের মধ্যে পাঠাবে।